
কলকাতা, ১৮ মার্চ : আগামী মঙ্গলবার, ২০ মার্চ পর্যন্ত দক্ষিণ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কয়েকটি জেলায় শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। এই সময়ে পারদ-পতনের সম্ভাবনা রয়েছে কলকাতায়, শনিবারও স্বাভাবিকের নীচে থাকল মহানগরীর তাপমাত্রা। এদিন কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস।
আপাতত আগামী মঙ্গলবার পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ২১ মার্চ অর্থাৎ, বুধবার থেকে আবার ঝড়বৃষ্টির দাপট কমবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, দক্ষিণ-পশ্চিম রাজস্থান এবং পার্শ্ববর্তী কচ্ছ থেকে বাংলাদেশের দিকে আবহাওয়ার গভীর একটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে। যা বিস্তৃত হয়েছে ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়েও। একই সঙ্গে আর্দ্র হাওয়াও ভেসে আসছে বঙ্গোপসাগরের উপর থেকে। এই সব মিলিয়েই মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টিপাত হবে।
আগামী কয়েক দিন শহরের আকাশ মেঘলাই থাকবে। গরম থেকে মুক্তি পাবেন কলকাতাবাসী। আবহবিদরা জানাচ্ছেন, আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, দুই বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে হাওয়াও বইতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
