kolkata

3 years ago

Weather Forecast : বৃষ্টির সৌজন্যে গরম কমল তিলোত্তমায়; আপাতত ভিজবে দুই বঙ্গ, বইবে ঝোড়ো হাওয়াও

Weather Forecast
Weather Forecast

 

কলকাতা, ১৭ মার্চ: কলকাতার আকাশে মেঘের আনাগোনা, মাঝেমধ্যেই মেঘের চাদর সরিয়ে উঁকি মারছে সূর্য। বৃহস্পতিবার রাতের বৃষ্টির সৌজন্যে গরম উধাও হয়ে গিয়েছে তিলোত্তমা থেকে, একধাক্কায় পারদ-পতন হয়েছে অনেকটাই। কলকাতায় তাপমাত্রার কমার পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। সেই মতো শুক্রবার অনেকটাই নামল কলকাতার তাপমাত্রা। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। এদিনই সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, দুই বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে বইতে পারে দমকা হাওয়া।

 দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

You might also like!