
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চলতি সপ্তাহের শেষ দিনে বাংলায় দেখা মিলতে পারে কালবৈশাখীর, শনিবার রাজ্যের ১০ জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে হাওয়া অফিস সূত্রের খবর।
সূত্রে খবর, শনিবার দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে ঝড়বৃষ্টি হতে পারে। পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি, দুই দিনাজপুর, মালদহেও। তবে কলকাতা এবং তার সংলগ্ন এলাকায় আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
শুক্রবার থেকেই রাজ্যের আকাশে মেঘের আনাগোনা দেখা গিয়েছে। রাতের দিকে কলকাতা এবং তার সংলগ্ন এলাকায় ঝোড়ো হাওয়া বয়েছে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং উত্তরের কিছু জেলায় বৃষ্টিও হয়েছে।
চলতি মাসের শুরু থেকেই গরম দাপট দেখাতে শুরু করেছে বঙ্গে, সূত্রের খবর আগামী কয়েক দিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।তবে আগামী সপ্তাহেও রাজ্যের কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে বলে জানা যাচ্ছে।
