kolkata

3 years ago

Locket Chatterjee : লকেটের বিরুদ্ধে মানহানির মামলা তৃণমূল বিধায়ক অসিতের

Locket  Chatterjee - Asit Majumder
Locket Chatterjee - Asit Majumder

 

কলকাতা, ১৪ মার্চ  : বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। প্রশ্ন তুললেন, লকেটের রাজনৈতিক উত্থান নিয়ে। পালটা দিতে ছাড়েননি সাংসদ লকেট।

ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে। বলাগড়ের শান্তনু বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারের পর নিয়োগ দুর্নীতি নিয়ে মুখ খুলেছিলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। বলেছিলেন, “চাকরি নিয়ে কেনাকাটা হয়েছে। এটা কখনও কারও একার পক্ষে সম্ভব নয়। ধৃত কুন্তল ঘোষ, তাপস মণ্ডল, শান্তনু বন্দোপাধ্যায়েরা ছোট মাছ। এর পিছনে গভীর জলের বড় বড় মাছ রয়েছে।” চুঁচুড়ার বিধায়ক-সহ একাধিক নেতা-মন্ত্রী গোটা ঘটনায় জড়িত বলে দাবি করেছিলেন তিনি। প্রশ্ন তুলেছিলেন বিধায়কের ভূমিকা নিয়ে। পরবর্তীতে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের বিরুদ্ধে পোস্টারও পড়ে এলাকায়।

এসবের মাঝেই মঙ্গলবার চুঁচুড়া আদালতের দ্বারস্থ হন বিধায়ক অসিত মজুমদার। লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করেন তিনি। এদিন অসিত মজুমদার প্রশ্ন করলেন, “লকেট চট্টোপাধ্যায় কীভাবে লোকসভা পর্যন্ত গেলেন, আগে সেটা জানান উনি?”

মামলা প্রসঙ্গে লকেট চট্টোপাধ্যায় বলেন, “আমার বিরুদ্ধে মামলা করে আমাকে চুপ করিয়ে রাখার চেষ্টা করে লাভ নেই। সকলেই জানেন কে কে দুর্নীতিতে জড়িত। পরবর্তীতে নাম ঠিক প্রকাশ্যে আসবেই।”


You might also like!