kolkata

3 years ago

Tiljala Murder Case : তিলজলাকাণ্ডে নয়া রহস্য, সন্তান পেতে তান্ত্রিকের পরামর্শ মতোই শিশু খুন

Tiljala Murder Case
Tiljala Murder Case

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ তিলজলা শিশু খুনের ঘটনায় উঠে আসলো এক চাঞ্চল্যকর তথ্য। ঘটনার মূল চক্রী অলোক কুমার সন্তানহীন, সন্তান লাভের আশাতেই তিনি সাত বছরের প্রতিবেশী শিশুকে খুন করেছেন। এমনটাই দাবি পুলিশ সূত্রে। অভিযোগ, বিহারের এক তান্ত্রিক সন্তান লাভের জন্য অলোককে নরবলি দিতে বলেছিলেন। তারপর থেকে অভিযুক্ত সুযোগের অপেক্ষায় ছিলেন। 

রবিবার সাত বছরের শিশুকে যৌন নির্যাতন করে খুনের অভিযোগ ওঠে অলোকের বিরুদ্ধে। তিনি বিহারের সমস্তিপুরের বাসিন্দা। স্থানীয়দের দাবি, অভিযুক্ত সন্তানহীন। তাঁর স্ত্রী বার বার চেষ্টা করেও মা হতে পারেননি। তিন বার তাঁর গর্ভপাত হয়ে গিয়েছে। সূত্রের খবর, এর পরেই সন্তান লাভের আশায় বিহারের এক তান্ত্রিকের পরামর্শ নেন অলোক। ওই তান্ত্রিককে ধরতে বিহারে যেতে পারে কলকাতা পুলিশের একটি দল।

সাত বছরের শিশুকে স্ক্রু ড্রাইভার জাতীয় কিছু দিয়ে মাথায় আঘাত করে খুন করা হয়েছে বলে প্রাথমিক ভাবে পুলিশের অনুমান। তাকে হাত পা বেঁধে ফেলে রাখা হয়েছিল। একটি বস্তার ভিতর থেকে শিশুর দেহ উদ্ধার করা হয়। 

রবিবারই অলোককে গ্রেফতার করে পুলিশ। জেরার মুখে তিনি খুনের কথা স্বীকারও করে নিয়েছেন। পুলিশ সূত্রে খবর, জেরায় ধৃত তান্ত্রিকের কথাও জানিয়েছেন। তান্ত্রিকের পরামর্শ ছিল, নবরাত্রির আগে নরবলি দিতে পারলে তাঁর কোল আলো করে আসবে সন্তান। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় অপহরণ করে খুন এবং যৌন নির্যাতনের মামলা রুজু করা হয়েছে।


You might also like!