
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রবিবার বিকেল থেকেই বৃষ্টি সিক্ত হয়েছে কলকাতা সহ আশেপাশের জেলা গুলি কোথাও আবার শিলাবৃষ্টির দেখা মিলেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস সোমবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।সূত্রের খবর, কলকাতা-সহ দক্ষিণের সব জেলাতেই আগামী দুই থেকে তিন দিন বৃষ্টি চলবে। বৃষ্টি হবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়াতে।
মঙ্গলবারও বৃষ্টি পরিমাণ বাড়তে পারে বলে খবর আবহাওয়া দফতর সূত্রে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। কোথাও কোথাও বৃহস্পতিবারও বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবারের পর আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে বলে মত আবহবিদেরা।
দক্ষিণের পাশাপাশি ভিজবে উত্তরবঙ্গও। আগামী চার দিন উত্তরের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে সিকিমেও। এ ছাড়া, আগামী ২৪ ঘণ্টায় মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজস্থান থেকে অসম পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। যা দক্ষিণবঙ্গের উপর দিয়ে বিস্তৃত। এ ছাড়া, উত্তরপ্রদেশ, বিহার, উত্তরবঙ্গ এবং মেঘালয়ের উপর দিয়ে গিয়েছে এই অক্ষরেখা। আরও একটি অক্ষরেখা অবস্থান করছে বিহার থেকে কর্ণাটক পর্যন্ত। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে বুধবার। ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান এবং হরিয়ানার উপরে। সব মিলিয়ে এই মুহুর্তে রাজ্য জুড়েই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
