kolkata

3 years ago

The Kolkata Municipality: পুরসভার উদ্যোগে শহরের দশটি বাসস্যান্ডে বসছে সৌর প্যানেল

Solar Panel
Solar Panel

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পরিবেশের ভারসাম্য ও দূষন থেকে তাকে বাঁচাতে এবং বিদ্যুতের সাশ্রয়ের জন্য এক অভিনব উদ্যোগ নিল কলকাতা পুরসভা। শহরের চারটি রাস্তার দু’পাশে ফুটপাত ও দশটি বাসস্ট্যান্ডেসৌর প্যানেল বসানো হবে বলে পুরসভা সূত্রের খবর। 

ই পদ্ধতি কার্যকর করতে ভারত সরকারের সৌরবিদ্যুৎ কমিটির উপদেষ্টা অধ্যাপক শান্তিপদ গণচৌধুরীর পরামর্শ নিচ্ছে পুর প্রশাসন। শান্তিপদ বলেন, ‘‘সৌরবিদ্যুতের ব্যবহার যত বাড়বে, পরিবেশে কার্বন নিঃসরণ তত কমবে। কমবে পরিবেশ দূষণ। বিদ্যুতের সাশ্রয়ও হবে।’’

পুরসভা সূত্রের খবর, প্রাথমিক ভাবে দশটি বাসস্ট্যান্ডে সৌর প্যানেল বসানো সফল হলে শহরের আরও বাসস্ট্যান্ডে এই পদ্ধতি কার্যকর করতে চান পুর কর্তৃপক্ষ। সূত্রের আরো খবর, বাসস্ট্যান্ডে সৌর আলোর মাধ্যমে সন্ধ্যার পরে বিজ্ঞাপনী ডিসপ্লে ব্যবহার করা যাবে। বাসস্ট্যান্ডের অন্দর আলোকিত করতে সৌরবিদ্যুৎই কাজে লাগানো হবে। মোবাইল চার্জ দেওয়ারও ব্যবস্থা থাকবে। এর ফলে পুরসভার যেমন আয় হবে, তেমনই সংশ্লিষ্ট বাসস্ট্যান্ডেরও সৌন্দর্যায়ন হবে।

প্রাথমিক ভাবে চারটি রাস্তার ফুটপাতে সবুজায়নের পাশাপাশি সৌর প্যানেল বসানো হবে। ওই রাস্তাগুলি হল বি বি গাঙ্গুলি স্ট্রিট, রাজা রামমোহন রায় সরণি, কলেজ স্ট্রিট এবং শশিভূষণ দে স্ট্রিট। ‘পাইলট প্রকল্প’ হিসাবে এই সমস্ত রাস্তার ফুটপাতে সবুজ গালিচা সহযোগে সন্ধ্যার পরে জ্বলবে সৌর আলো। বি বি গাঙ্গুলি স্ট্রিট এলাকার কাউন্সিলর বিশ্বরূপ দে-র কথায়, ‘‘ফুটপাতে সৌরবিদ্যুৎ ব্যবহার কার্যকর হলে নতুন নজির সৃষ্টি হবে।’’

উল্লেখ্য, শহরের একাধিক উদ্যানে সৌরবিদ্যুৎ ব্যবহারে আগেই উদ্যোগী হয়েছে পুরসভা। দেশপ্রিয় পার্ক, কলেজ স্কোয়ারে সৌরবিদ্যুৎ ব্যবহার চালু থাকলেও কয়েকটি উদ্যানে প্রযুক্তিগত সমস্যার জন্য তা বন্ধ রয়েছে। পুরসভার আলো বিভাগ ওই সৌর প্যানেলগুলি ফের ব্যবহারের চেষ্টা করছে।


You might also like!