kolkata

3 years ago

Biman Banerjee : আস্থা-অনাস্থার টানাটানিতে বর্ধিত বাজেট অধিবেশনে জেরবার হবেন স্পিকার

Biman Banerjee
Biman Banerjee

 

কলকাতা, ৩ মার্চ  : বিধানসভার বর্ধিত বাজেট অধিবেশনে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আসছে বিরোধীরা। অন্যদিকে শুক্রবার রাজ্যের শাসক দলের তরফ থেকে বিমান বন্দ্যোপাধ্যায়ের প্রতি পালটা আস্থা দেখিয়ে প্রস্তাব জমা দেওয়া হল। অতএব একদিকে বিজেপি যখন দেখাতে চাইছে বিধানসভার অধ্যক্ষের প্রতি তাদের কোনও আস্থা নেই, ঠিক তখনই তৃণমূল কংগ্রেস প্রস্তাব এনে পালটা দেখাতে চাইছে যে তাদের পূর্ণ আস্থা রয়েছে স্পিকারের উপর।

আগামী সোমবার থেকে রাজ্য বিধানসভায় বর্ধিত বাজেট অধিবেশন রয়েছে। ওই দিন বিজেপির আনা অনাস্থা প্রস্তাবের বিষয়টি উত্থাপিত হবে রাজ্য বিধানসভায়। একই দিনে এ রাজ্যের শাসকদলের তরফ থেকে পালটা যে আস্থা প্রস্তাবনা হয়েছে সেটিও যাতে ওঠে সেই দাবি জানানো হয়েছে অধ্যক্ষের কাছে। শাসক দলের তরফ থেকে আনা প্রস্তাবে যেমন বিমান বন্দ্যোপাধ্যায়ের প্রতি পূর্ণ আস্থা দেখানো হচ্ছে, একইভাবে রাজ্যের প্রধান বিরোধী দল যে প্রস্তাব নিয়ে এসেছে তার প্রতিও চরম অনাস্থা দেখানো হচ্ছে।

প্রসঙ্গত, অনাস্থা প্রস্তাবের বিষয়টি সোমবার বিধানসভায় উত্থাপিত হওয়ার সময় নিয়ম অনুযায়ী বিজেপির ৩০ জন বিধায়কের উপস্থিতি বাধ্যতামূলক। তাহলেই এই অনাস্থা প্রস্তাব গৃহীত হবে বলে জানা গিয়েছে। আর যদি সোমবার এই অনাস্থা প্রস্তাব গৃহীত হয়, তাহলে তা পরবর্তী ১০দিনের মধ্যে রাজ্য বিধানসভায় আলোচিত হবে বলে খবর।

এদিকে, শুক্রবার তৃণমূলের আনা এই প্রস্তাব প্রসঙ্গে শাসকদলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, এই মুহূর্তে বিজেপির বলার কিছু নেই। পরিষদীয় রীতিনীতি মেনে বিজেপি বিধানসভাকে ব্যবহার করতেই পারছে না। সেই জায়গায় দাঁড়িয়ে তারা বারবার অধ্যক্ষকে আক্রমণের পথ বেছে নিচ্ছে। তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনছে।

You might also like!