kolkata

3 years ago

Draupadi Murmu : জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ঘুরে দেখলেন রাষ্ট্রপতি

Draupadi Murmu
Draupadi Murmu

 

কলকাতা, ২৭ মার্চ  : দু’দিনের পশ্চিমবঙ্গ সফরে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পরিদর্শন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেখানে তিনটি গ্যালারি পরিদর্শন করেন তিনি। সঙ্গে ছিলেন মন্ত্রী ব্রাত্য বসু, বীরবাহা হাঁসদা, শশী পাঁজা। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পরিদর্শন করে খুশি হয়েছেন রাষ্ট্রপতি ।

রাষ্ট্রপতি হওয়ার পর এই প্রথম পশ্চিমবঙ্গ সফরে দ্রৌপদী মুর্মু। রাজ্যে দু’দিন থাকবেন দেশের প্রথম নাগরিক। রেস কোর্সে দ্রৌপদী মুর্মুকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা। বঙ্গ সফরের একাধিক কর্মসূচিতে রাষ্ট্রপতির প্রথম গন্তব্য ছিল এলগিন রোডের নেতাজি ভবন। সেখানে সুভাষচন্দ্র বসুর স্মৃতির উদ্দেশে শ্রদ্ধা নিবেদনের পর তিনি চলে আসেন জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। জোড়াসাঁকোতে রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদানের পর দ্রৌপদী মুর্মু ঘুরে দেখলেন তিনটি গ্যালারি। রাষ্ট্রপতি জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে এসে রবীন্দ্রনাথের জন্ম কক্ষ, প্রয়াণ কক্ষ ঘুরে দেখেন। তারপর বিচিত্রা ভবনে গিয়ে সেখানে রবীন্দ্রনাথের ব্যবহার করা জিনিসগুলি খুঁটিয়ে দেখেন। সেগুলি কী করে রক্ষণাবেক্ষণ করা হয়, তা জানতে চান। রবীন্দ্রনাথের জিনিস দেখে তিনি মুগ্ধ বলেও জানান।ভিজিটার্স খাতায় লিখেছেন , তিনি খুবই খুশি হয়েছেন। রাজ্যের ‘অতিথি’ দ্রৌপদী মুর্মুকে জোড়াসাঁকো ঘুরিয়ে দেখান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সঙ্গে ছিলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা ও শশী পাঁজাও ।

ঘণ্টাখানেক সময় সেখানে কাটানোর পর তিনি রওনা দেন রাজভবনের উদ্দেশে। বিকেলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে, সেই অনুষ্ঠানে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

You might also like!