
কলকাতা, ৭ মার্চ : বি সি রায় শিশু হাসপাতালে বিকল এক্স-রে মেশিন। হাসপাতাল সূ্ত্রে খবর, ১১ নম্বর ঘরের এক্সে-রে মেশিনটি বিকল হয়ে পড়েছে। যার ফলে থমকে বি সি রায় হাসপাতালের পরিষেবা।
অভিযোগ, সোমবার থেকেই কাজ করছে না মেশিনটি। বি সি রায় হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন যে, এক্স-রে যন্ত্রের উপর অত্যাধিক চাপ পড়ছে। যার জেরে যন্ত্র গরম হয়ে যাচ্ছে। সেই কারণে প্রতিদিন মেশিনটিকে বিশ্রাম দেওয়ার প্রয়োজন হচ্ছে । প্রতিদিন গড়ে প্রায় ১৫০টি এক্স-রে হচ্ছে। অন্যান্য বছরে এত এক্স-রে হত না।
তবে এই সবের মধ্যে সব থেকে বেশি সমস্যায় পড়েছেন হাসপাতালে আগত অসুস্থ শিশুদের পরিবারের সদস্যরা । মঙ্গলবার এক ব্যক্তি জানান, “হাসপাতাল থেকে বলছে এক্স-রে মেশিন খারাপ হয়ে গিয়েছে । কালকে আমার দু’বার এসেছি । এ দিকে এক্স-রে রিপোর্ট ছাড়া ডাক্তারাও দেখছেন না। বাচ্চারা কাঁদছে। ট্রিটমেন্ট তো এমনভাবে হচ্ছে না ।” প্রসঙ্গত, বিসি রায় শিশু হাসপাতালের প্রায় প্রতিনিয়ত মৃতের হার বাড়ছে।
