kolkata

3 years ago

Naushad Siddiqui: ডি এ আন্দোলনকারীদের পাশে নওশাদ সিদ্দিকি, ধর্মতলার মঞ্চে যোগ দিয়ে অনশনের হুঁশিয়ারি

Naushad Siddiqui
Naushad Siddiqui

 

কলকাতা, ১৮ মার্চঃ ডিএ আন্দোলনকে সমর্থন করে এবার সরাসরি আন্দোলনকারীদের মঞ্চে গেলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। শনিবার সকাল ৬টা নাগাদ ধর্মতলার অনশনমঞ্চে তিনি যোগ দেন।

কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দিতে হবে রাজ্য সরকারি কর্মচারিদের। এই দাবিতে ধর্মতলায় প্রথমে অবস্থান বিক্ষোভ শুরু করেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। পরে সেই আন্দোলন আরও জোরদার করে অনশন করেন তাঁরা। তা ৫০ দিন পেরিয়ে গিয়েছে।

শনিবার সেই অনশন মঞ্চে যোগ দিতে দেখা গেল সদ্য জামিন পাওয়া ভাঙড়ের বিধায়ককে। আন্দোলনকারীদের দাবির সমর্থনে নিজেও অনশন শুরু করেছেন বলে জানান ভাঙড়ের বিধায়ক।

সরকারের উদ্দেশে তাঁর সাফ বার্তা, ডিএ দিলে আন্দোলন উঠবে। ততক্ষণ পর্যন্ত তিনিও অনশন চালাবেন। মহার্ঘভাতা নিয়ে বারবার সরকারের কড়া বার্তার পরও বিরোধী বিধায়ক নওশাদের এই মঞ্চে যোগদান নিঃসন্দেহে রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মঞ্চ থেকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট বলেন, ”ডিএ যদি না পাওয়া যায়, তাহলে এই আন্দোলন আরও ছড়িয়ে পড়বে। সরকারি কর্মীদের প্রাপ্য থেকে বঞ্চিত করা হচ্ছে।”

আন্দোলনকারীদের পাশে দাঁড়ানোর বার্তা দিতেই কি সরাসরি মঞ্চে এলেন? এর জবাবে নওশাদ জানান, তিনি ঠিক করেছিলেন যে একদিন ডিএ আন্দোলনকারীদের অনশন মঞ্চে যোগ দেবেন। সেইমতো শনিবার সকালেই সেখানে পৌঁছে যান। এবং সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তিনি নির্জলা উপবাস করবেন বলে জানিয়েছেন।


You might also like!