kolkata

3 years ago

Naushad Siddiqui : সরকারি কর্মীদের ধর্নামঞ্চে নওশাদ বললেন, গ্রামাঞ্চলে আন্দোলন ছড়িয়ে দিন

Naushad Siddiqui
Naushad Siddiqui

 

কলকাতা, ৬ মার্চ  : ৪২ দিন কারাবাসের পর সোমবার প্রথম বিধানসভায় অধিবেশনে অংশ নিয়েই ধর্নামঞ্চে হাজির হন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। আন্দোলনকারীদের সঙ্গে বেশ কিছু ক্ষণ কথা বলেন তিনি। জানান, এই আন্দোলন কলকাতা থেকে ছড়িয়ে দিতে হবে বাংলার গ্রামাঞ্চলেও।

৩৯ দিনে পড়েছে বকেয়া ডিএ-এর দাবি নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের আন্দোলন। অনশন করে একাধিক আন্দোলনকারীর অসুস্থতার খবর মিলেছে। সোমবার এক আন্দোলনকারীর কথায়, ‘‘আসলে সরকারেরও সমর্থন রয়েছে এই আন্দোলনে। তাই তাদের তরফে এই অনশন তোলার জন্য কোনও রকম পদক্ষেপ দেখতে পাচ্ছি না।’’

সোমবার বিধানসভা থেকে হেঁটে সরকারি কর্মচারীদের ধর্নামঞ্চে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার কিছু ক্ষণ পর আন্দোলনকারীদের সমর্থন জানাতে ধর্মতলার শহিদ মিনারের কাছে ধর্নামঞ্চে যান। বাজেট অধিবেশনের সময় জেলেই কাটাতে হয়েছে ভাঙড়ের বিধায়ককে। সোমবার তিনি বিধানসভা গিয়ে সেখান থেকে বেরিয়ে আন্দোলনরত কর্মচারীদের সঙ্গে দেখা করার জন্য চলে যান শহিদ মিনার চত্বরে। সেখানে বেশ কয়েক জনের সঙ্গে কথা বলেন। তাঁদের শারীরিক অবস্থার খবরাখবর নেন। তাঁর কথায়, ‘‘ওঁরা শিক্ষিত এবং প্রতিষ্ঠিত। ওঁদের পরামর্শ দেওয়ার মতো কিছুই নেই। তবে বলব, নিজেদের দাবি বুঝে নিতে হবে। সুষ্ঠু, শান্তিপূর্ণ ভাবে এবং গণতান্ত্রিক ভাবে আন্দোলন করুন।’’

নওশাদের সংযোজন, ‘‘এখন শুধু কলকাতায় এই আন্দোলন চলছে। আগামী দিনে বাংলার গ্রামাঞ্চলেও এই আন্দোলন ছড়িয়ে দিতে হবে। বৃহত্তর আন্দোলন করতে হবে। তবে সেটা কোন উপায়ে হবে, সেটা আমার থেকে ভাল মাস্টারমশাইরা জানেন। আন্দোলনরত সরকারী কর্মচারীরা ভালই জানবেন।’’


You might also like!