
কলকাতা, ৪ মার্চ : টানা ৪২ দিন পর প্রেসিডেন্সি জেল থেকে মুক্তি পেলেন ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (আইএসএফ)-এর বিধায়ক নওশাদ সিদ্দিকি। শনিবার সকাল ১১টা নাগাদ নওশাদকে প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে মুক্ত করা হয়েছে। জেল থেকে বেরিয়েই তাঁর হুংকার, ‘‘কেউ যদি ভেবে থাকে যে আমি ভয় করেছি, তা হলে ভুল করছে। আমি মানুষের সঙ্গে লড়াইয়ে ছিলাম, আছি আর থাকব।" জেল থেকে বেরিয়ে সরকারের উদ্দেশে সংশোধনাগারের মান উন্নয়নের দাবিও করেন আইএসএফ বিধায়ক।
পাশাপাশি জেল থেকে বেরিয়ে প্রেসিডেন্সি জেল চত্বর থেকেই কংগ্রেস নেতা কৌস্তুভ বাগচির গ্রেফতারির বিরোধিতা করেন ভাঙড়ের বিধায়ক। তিনি বলেন, ‘‘কৌস্তুভের পাশে আছি। লড়াই চলবে।’’ উল্লেখ্য, জামিন অযোগ্য ধারায় গ্রেফতার হয়েছেন কংগ্রেস নেতা কৌস্তুভ। পুলিশ জানিয়েছে, হুমকি এবং অশান্তি ছড়ানোর দায়ে গ্রেফতার করা হয়েছে কৌস্তভকে।
