kolkata

3 years ago

Mukul Roy : মুকুল রায়ের বিধায়কপদ খারিজের দাবি নিয়ে এবার হাই কোর্টে শুভেন্দু

Mukul Roy -Subhendu Adhikari
Mukul Roy -Subhendu Adhikari

 

কলকাতা, ১৩ মার্চ  : মুকুল রায়ের বিধায়কপদ খারিজ নিয়ে সোমবার বিকেলের দিকে হাই কোর্টে আবেদন জানাতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য বিজেপি সূত্রে এমনটাই জানা গিয়েছে।

এই বিষয়ে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তে সন্তুষ্ট হতে পারেননি বিরোধী দলনেতা। স্পিকারের সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু শীর্ষ আদালত শুভেন্দুকে ভর্ৎসনা করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হওয়ার কথা বলে।

মুকুলবাবুর বিধায়ক পদ খারিজের দাবিতে দীর্ঘ দিন ধরেই সরব বিজেপি। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে কৃষ্ণনগর-উত্তর কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন মুকুলবাবু। কিন্তু, ১১ জুন তৃণমূল ভবনে গিয়ে বিজেপি ছেড়ে শাসকদলে যোগ দেন। তার পর থেকেই তাঁর বিধায়ক পদ খারিজের দাবিতে কখনও স্পিকার, কখনও আদালতের দ্বারস্থ হয়েছে বিজেপি পরিষদীয় দল।

‘দলত্যাগী’ মুকুলবাবুকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) চেয়ারম্যান করার বিরোধিতা করে একটি পৃথক মামলাও সুপ্রিম কোর্টে দায়ের করা হয়েছিল বিজেপির তরফে। সে সময়েও শীর্ষ আদালত শুভেন্দুকে হাই কোর্টের দ্বারস্থ হওয়ার ‘পরামর্শ’ দেয়। মুকুলের বিধায়কপদ খারিজ নিয়ে স্পিকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ায় তাঁকে ভর্ৎসনা করেন শীর্ষ আদালতের বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং সঞ্জয় কুমারের বেঞ্চ। হাই কোর্টকে এড়িয়ে কেন তিনি বার বার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন, তা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা।

You might also like!