
কলকাতা, ৮ মার্চ : বুধবার আন্তর্জাতিক নারীদিবস। অর্ধেক আকাশদের দিন। নারীদিবসে প্রত্যেক মহিলাকে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে সামাজিক মাধ্যমে সকলকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। লেখেন, “নারীর অধিকার আমাদের অঙ্গীকার। আন্তর্জাতিক নারীদিবসের শুভেচ্ছা।” একটি নারীমুখে বিভিন্ন অংশে লেখা, ‘আমি নারী—আমি রূপশ্রী‘, ‘আমি বিশ্বশ্রী— মা আম্মা মাদার’, ‘আমি লক্ষী’, ‘আমি জননী’, ‘আমি সরস্বতী’, ‘আমি মাতৃশক্তি’, ‘আমি আশা আমি কন্যা’, ‘আমি শান্তিস্বরূপিনী’ প্রভৃতি। উল্লেখ্য, রাজ্য সরকার মহিলাদের জন্য একাধিক প্রকল্প নিয়েছে। ‘কন্যাশ্রী’, ‘রূপশ্রী’র পর ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর মতো প্রকল্প নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, ১৯০৮ সালে আমেরিকার সোশ্যালিস্ট পার্টি মহিলা শ্রমিকদের যথাযোগ্য সম্মানের দাবিতে ধর্মঘট ডাকে। এরপর আমেরিকায় প্রথমবার ১৯০৯ সালের ২৮ ফেব্রুয়ারি নারীদিবস উদযাপন করা হয়। রাশিয়াতেও ওই দিনেই নারীদিবস উদযাপিত হয়। ১৯১০ সালের মার্চে ডেনমার্ক, অস্ট্রিয়া এবং জার্মানি-সহ নানা দেশে নারীদিবস পালন করা হয়। ১৯১১ সালে জার্মানিতে নারীদের অধিকার ও প্রাপ্য আদায়ের দাবিতে আন্দোলন হয়। ১৭টি দেশের ১০০ জন মহিলাকে নিয়ে কনফারেন্স হয়। তারপর ১৯১৩ সালে ৮ মার্চকে নারীদিবস হিসাবে নির্ধারণ করা হয়। এই দিনটিকে আন্তর্জাতিক নারীদিবস হিসাবে স্বীকৃতি দেয় রাষ্ট্রসংঘ।
