
কলকাতা, ৩ মার্চ : এসএসসি’র গ্রুপ সি মামলায় কমিশনের হলফনামায় শুক্রবার চাঞ্চল্য দেখা দেয়। ওএমআর মূল্যায়নকারী সংস্থা এনওয়াইএসএ’র সার্ভারে প্রাপ্ত নম্বর ৪০ হওয়া সত্ত্বেও কমিশনের সার্ভারে ১০। নম্বরের গরমিল দেখে বিস্মিত কলকাতা হাই কোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। “এটা কী করে সম্ভব?”, প্রশ্ন করেন বিচারপতি।
এসএসসি জানিয়েছে, গ্রুপ সি নিয়োগে পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বর আসল ওএমআর শিটে একরকম এবং কমিশনের কাছে আরএকরকম রয়েছে। এসএসসি এ-ও জানিয়েছে এর নেপথ্যে কমিশনেরই কিছু আধিকারিকের ভূমিকা রয়েছে। শুনে বিস্মিত বিচারপতি গঙ্গোপাধ্যায় অবিলম্বে ওই উত্তরপত্র প্রকাশ্যে আনার নির্দেশ দেন স্কুল সার্ভিস কমিশন তথা এসএসসিকে। একই সঙ্গে তাঁর পর্যবেক্ষণ, এই দুর্নীতির গভীরে যেতে এসএসসির প্রাক্তন সভাপতি সুবীরেশ ভট্টাচার্য এবং অন্যান্যদের বারবার জেরা করা দরকার।
স্কুলের গ্রুপ-সি কর্মী নিয়োগের মামলায় আড়ালে থাকা ৩৪৭৮টি উত্তরপত্র বা ওএমআর শিট প্রকাশের নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এই উত্তরপত্রগুলির নম্বরে কারচুপি করা হয়েছে বলে অভিযোগ ছিল আগেই। উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে ওই উত্তরপত্র উদ্ধার করেছিল নিয়োগ মামলার তদন্তকারী কেন্দ্রীয় সংস্থা সিবিআই।
শুক্রবার এ সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, আড়ালে থাকা এবং নম্বর কারচুপি করা উত্তরপত্রগুলিকে অবিলম্বে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-কে নিজদের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। এ কাজ সম্পূর্ণ করার জন্য এসএসসিকে সময়ও বেঁধে দিয়েছেন বিচারপতি। শুক্রবার এসএসসিকে এক সপ্তাহ সময় দিয়ে তিনি বলেন, ৯ মার্চের মধ্যেই ওই গুম হওয়া গ্রুপ-সির উত্তরপত্র ওয়েবসাইটে আপলোড করতে হবে।
