
কলকাতা, ১৪ মার্চ : শুভেন্দু অধিকারীর ‘গ্যারেজ’ হুঁশিয়ারি উড়িয়ে দিয়ে তাঁকে ‘জেলে ভরা’র পাল্টা হুঙ্কার দিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। মঙ্গলবার কুণাল বলেন, ‘‘উনি তো নিজেই সারদা আর নারদায় অভিযুক্ত। বিজেপি সিবিআই, ইডি চালাচ্ছে। তাই এত বড় বড় কথা। যে দিন বিজেপি সামান্য টাল খাবে, সে দিন শুভেন্দু অধিকারী জেলে ঢুকবে। আমরা দেওয়ালের লিখন পড়তে পারি।’’
গত বছর শুভেন্দুবাবু ঘোষণা করেছিলেন, ১২, ১৪, ২১ ডিসেম্বর— এই তিনটি তারিখ খুব গুরুত্বপূর্ণ। তিনি বলেছিলেন, ‘‘ওয়েট অ্যান্ড ওয়াচ।” কিন্তু ১২ ডিসেম্বর বগটুইকাণ্ডে অভিযুক্ত সিবিআই হেফাজতে থাকা লালন শেখের অস্বাভাবিক মৃত্যু ঘটে। ১৪ তারিখে আসানসোলে বিজেপির কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩ জনের। দুর্ঘটনার আগে সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শুভেন্দুবাবু।
সেই ঘটনাবলি স্মরণ করিয়ে কুণালের খোঁচা, ‘‘আমরা শুভেন্দু অধিকারীর মতো তারিখ দিয়ে দিয়ে পিছোতে পিছোতে যাই না। শুভেন্দু অধিকারীকে স্পষ্ট বলে দিচ্ছি, আজ না হলে কাল শুভেন্দু অধিকারী জেলের ভিতরে থাকবেই। এই পাপ নিয়ে ও চলতে পারবে না।’’
