
নয়াদিল্লি, ৯ মার্চ : প্রায় সাত দিন হতে চলল জেলবন্দি রয়েছেন। দিল্লিতে নিয়ে গিয়েও প্রকাশ্য স্বীকারোক্তি সেভাবে ইডি পাচ্ছে না অনুব্রত মণ্ডলের কাছে। হিন্দি-ইংরেজি জানিনা, সই ছাড়া লিখতে পারিনা— কেষ্টর এ হেন কথায় ফাঁপড়ে পড়েছে ইডি।
গরুপাচার মামলায় নিত্যনতুন তথ্য উঠে আসছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে কখনও চালকলের হদিশ মিলেছে, কখনও আবার কোটি কোটি টাকার শতাধিক সম্পত্তির হদিশও পাওয়া গিয়েছে বলে শোনা গিয়েছে। কিন্তু তদন্তকারীদের প্রশ্নের কোনও উত্তরই এখনও পর্যন্ত অনুব্রত মণ্ডল দেননি। বরং জানেন না, মনে নেই বলেই সব প্রশ্ন এড়িয়ে গিয়েছেন বলে দাবি তদন্তকারীদের।
দিল্লিতেও এখনও পর্যন্ত সেই রীতি বজায় রেখেছেন বীরভূমের তৃণমূল সভাপতি। গরুপাচার মামলায় দীর্ঘ টানাপোড়েনের পর অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়েছে ইডি। হেফাজতে নিয়ে তাঁকে জেরা চলছে। জিজ্ঞাসাবাদ চলাকালীন প্রশ্নের উত্তর খাতায় লিখতে বলা হয় অনুব্রতকে। কিন্তু অনুব্রত জানিয়ে দেন, তিনি হিন্দি, ইংরেজি লিখতে জানেন না। লিখতে পারবেন না বাংলাও। এর পর অনুব্রতর জন্য অনুলেখকের ব্যবস্থা করেন কেন্দ্রীয় তদন্তকারীরা। অনুব্রতর হয়ে ইডি-র প্রশ্নের জবাব লেখেন সেই লেখকই।
অনুব্রতর জিজ্ঞাসাবাদপর্ব এবং তাঁর লিখতে না চাওয়ার মুহূর্তে ক্যামেরাবন্দি করেছে ইডি। আগাগোড়া ভিডিওগ্রাফি হয়েছে। ইডি সূত্রে খবর, অনুব্রত অধিকাংশ প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছে। তাই তদন্তে তাঁর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ আনার পাশাপাশি, জেরা-পর্বে নিজের হাতে লিখতে না চাওয়ার বিষয়টিও আদালতে জানানো হবে ইডি-র তরফে।
