
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মঙ্গলবার নন্দীগ্রাম দিবসে নন্দীগ্রামে তৃণমূলের পাশাপাশি নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকেও শর্তসাপেক্ষে সভা করার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। তবে একাধিক শর্ত বেঁধে দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। তাঁর সাফ নির্দেশ, যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে খেয়াল রাখতে হবে মিছিলকারীদেরই।
উল্লেখ্য, মঙ্গলবার নন্দীগ্রামে শহিদ তর্পণ কর্মসূচি নিয়েছে বিজেপি। তবে সোমবার সকাল পর্যন্ত মেলেনি পুলিশের অনুমতি। এরপরই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় বিজেপি। বিচারপতি রাজাশেখর মান্থা মামলা দায়েরের অনুমতি দেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে সভার অনুমতি দিল হাই কোর্ট। মামলার শুনানি চলাকালীন রাজ্যের তরফে জানানো হয়, ওইদিন আরও একটি রাজনৈতিক দলকে সকালে সভা করার অনুমতি দিয়েছে পুলিশ।একই সময়ে বিজেপিকে অনুমতি দিলে আইনশৃঙ্খলা নিতে সমস্যা হতে পারে। সে কারণে বিজেপিকে অনুমতি দেওয়া সম্ভব হয়নি।
সোমবার আদালতের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে সকাল ১০টার মধ্যে সভা করতে হবে শুভেন্দুকে। সকাল সাড়ে ১০টার মধ্যে জায়গা খালি করে দিতে হবে। শান্তিপূর্ণ মিছিল করতে হবে।প্রসঙ্গত, ঐ একই দিনে ১১টা থেকে দুপুর ৩টের মধ্যে তৃণমূল মিছিল করতে পারবে।
২০০৭ সালের ১৪ মার্চ নন্দীগ্রামে জমি আন্দোলনকারীদের উপর পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ওঠে। তার পরের বছর থেকে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি নন্দীগ্রাম দিবস পালন করে। সেই সময় তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী তাতে বিশেষ ভূমিকাও নেন।বর্তমানে তিনি রাজ্যের প্রধান বিরোধী দলের দলনেতা। ফলে স্বাভাবিকভাবেই নন্দীগ্রাম দিবস পালন নিয়ে তৃণমূলের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন তিনি।
