
নয়াদিল্লি, ১৭ মার্চ : অনুব্রত মণ্ডলের জামিনের মামলার শুনানি পিছিয়ে গেল দিল্লি হাইকোর্টে। আগামী ২৩ মার্চ ওই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত গরু পাচার মামলায় ধৃত অনুব্রতের জামিনের আর্জি খারিজ করে দিয়েছিল। আদালত বলেছিল, দিল্লি হাইকোর্টে মামলা করে ইডি-র জিজ্ঞাসাবাদ পিছিয়ে দিয়েছেন তৃণমূল নেতা। তার পরে ইডি নির্দিষ্ট সময়ে চার্জশিট পেশ করতে পারেনি বলে জামিন চেয়েছেন। জামিনের আর্জি খারিজ হওয়ার পরেই দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।
গরু পাচার মামলায় ইডি আসানসোল জেলের মধ্যে অনুব্রতকে গ্রেফতারের পরে রাউস অ্যাভিনিউ কোর্ট তাঁকে দিল্লিতে হাজির করানোর পরোয়ানা জারি করেছিল, যাতে ইডি বীরভূমের এই তৃণমূল নেতাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে। ওই পরোয়ানার বিরুদ্ধে ও রাউস অ্যাভিনিউ কোর্টের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে আগেই অনুব্রত দিল্লি হাই কোর্টে মামলা করেন। ইডি তাঁকে গ্রেফতারের পরে কারণ জানিয়ে কোনও নথি দেয়নি বলে অভিযোগ করে মামলা করা হয়েছে।
গত ৮ ফেব্রুয়ারি অনুব্রতের আবেদনের ভিত্তিতে মামলার শুনানি ছিল দিল্লি হাই কোর্টে। কিন্তু ওই দিন শুনানি হয়নি। এক মাস পিছিয়ে গিয়ে ১৭ মার্চ শুনানির দিন ধার্য হয়েছিল। কিন্তু তাও এবার পিছিয়ে গেল।
