
কলকাতা, ২ মার্চ : হোলি উপলক্ষে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। হোলির সময় অতিরিক্ত ভিড় এড়াতে কলকাতা এবং পুরীর মধ্যে একটি বিশেষ ট্রেন চালু করা হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী ৫ থেকে ২৬ মার্চ পর্যন্ত প্রতি রবিবার একটি করে ট্রেন কলকাতা থেকে পুরী যাবে। পুরী বিশেষ ট্রেন কলকাতা থেকে ছাড়বে রাত ১১টা ৪০ মিনিটে। পুরী গিয়ে পৌঁছবে পরের দিন সকাল ৯টা ৩৫ মিনিটে। একইভাবে ৬ থেকে ২৭ মার্চ পর্যন্ত প্রতি সোমবার একটি করে পুরী বিশেষ ট্রেন পুরী থেকে কলকাতায় আসবে। ট্রেনটি প্রতি সোমবারই বিকেল ৩টে ৫০ মিনিটে পুরী থেকে ছাড়বে। কলকাতা এসে পৌঁছবে রাত ২টোয়। ট্রেনগুলি আপ এবং ডাউনে ভট্টনগর, আন্দুল, খড়গপুর, বালাসোর, ভদ্রক, জয়পুর, কটক, ভুবনেশ্বর, খুরদা রোড স্টেশনে থামবে। পূর্ব রেল জানিয়েছে, কলকাতা-পুরী হোলি বিশেষ ট্রেনটির টিকিট ২ মার্চ থেকে পাওয়া যাবে। কাউন্টারের পাশাপাশি অনলাইনেও টিকিট কাটার ব্যবস্থা রয়েছে বলে রেল জানিয়েছে।
