
কলকাতা, ১৪ মার্চ : ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশে নবম-দশম ও একাদশ-দ্বাদশ স্তরের মেধা তালিকাভুক্ত বঞ্চিত চাকরিপ্রার্থীদের ধরনা অবস্থানের দু'বছর পূর্ণ হল মঙ্গলবার। দু'বছর পূর্তিকে সামনে রেখে মঞ্চে এদিন রক্তদান শিবিরের ব্যবস্থা করা হয়েছিল। সেখানে অনেক চাকরিপ্রার্থী ছাড়া পথচলতি কিছু মানুষও রক্তদান করেন। রক্তদান শিবিরের মাধ্যমে চাকরিপ্রার্থীরা বোঝাতে চাইছেন, চূড়ান্ত সংকটের মধ্যে থেকেও তাঁরা সমাজের জন্য কাজ করতে পিছপা নন।
চাকরিপ্রার্থীদের এই অভিনব কর্মসূচি দেখতে এদিন ভিড়ও জমে বেশ। অনেককে আন্দোলনের প্রতি সহমর্মিতা প্রকাশ করতেও দেখা গিয়েছে।
এদিন চাকরিপ্রাথিরা অবস্থানকে সামনে রেখে এদিন অভিনব কর্মসূচি পালন করেন। অবস্থান মঞ্চে বিভিন্ন থিমের আয়োজন করা হয়েছিল।একটি থিমে দেখা গিয়েছে, অবস্থানরত চাকরিপ্রার্থীদের সামনে পোড়া রুটি ঝুলছে। সারিবদ্ধভাবে বসে থাকা চাকরিপ্রার্থীদের হাত শিকল দিয়ে বাঁধা। এই থিমের মাধ্যমে তাঁরা বোঝাতে চেয়েছেন, খাবার চাই, চাকরি চাই, বাঁচতে চাই। কিন্তু সরকার কিছুই দিচ্ছে না। চোখের সামনে রুটি ঝুললেও সে রুটির কাছে পৌঁছতে পারছেন না শিকলে হাত বাঁধা চাকরিপ্রার্থীরা।
