kolkata

3 years ago

Mamata Banerjee : মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এখনই অবমাননার মামলা করার অনুমতি দিল না আদালত

Mamata Banerjee
Mamata Banerjee

 

কলকাতা, ১৬ মার্চঃ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করার ব্যাপারে এখনই অনুমতি দিল না কলকাতা হাই কোর্ট। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, বিষয়টি তারা বিবেচনা করে দেখবে।

চাকরি বাতিল নিয়ে মন্তব্যের জেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননা মামলার হলফনামা কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশে জমা দেওয়া হয় কলকাতা হাই কোর্টে। সকাল ১০টায় ওই মামলার হলফনামা জমা দেওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে সেই হলফনামা দাখিল না করায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, দুপুর ১টার মধ্যে হলফনামা জমা দিতে হবে।

স্কুলের চাকরি যাওয়া প্রার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন মমতা। তাই নিয়ে তাঁর করা একটি ‘ব্যক্তিগত’ মন্তব্যের জেরেই বুধবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননা মামলা করার প্রস্তাব আসে হাই কোর্টের কাছে। যার অনুমতিও দিয়েছিল হাই কোর্ট।

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার আর্জি জানিয়েছিলেন আইনজীবী তথা বাম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য। আলিপুর আদালত চত্বরের একটি অনুষ্ঠানে মমতার করা কয়েকটি ‘ব্যক্তিগত’ মতামতমূলক মন্তব্যের জেরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত ভাবে আদালত অবমাননার মামলা করার অনুরোধ করেছিলেন তিনি।

বিকাশবাবুর অভিযোগ, মমতা বলেছেন, ‘‘প্রধান বিচারপতি এখানে নেই, আমি সুব্রতদাকে (বিচারপতি সুব্রত তালুকদার) বলব, যিনি এখানে (উপস্থিত) আছেন। এটা আমার ব্যক্তিগত মত, দয়া করে এত সহজে চাকরি কেড়ে নেবেন না।’’ হাই কোর্টের ডিভিশন বেঞ্চের কাছে বিকাশ মমতার ওই মন্তব্যের কথা জানিয়ে বলেন, ‘‘হাই কোর্ট স্বতঃপ্রণোদিত ভাবে এ ব্যাপারে একটি আদালত অবমাননার মামলা করুক।’’ কিন্তু আদালত বিকাশবাবুর আর্জিতে পুরোপুরি সায় দেয়নি।

বিকাশবাবুর আর্জি শুনে বুধবার ডিভিশন বেঞ্চ বলেছিল, ‘‘কোনও অভিযোগের প্রেক্ষিতে আদালত অবমাননার শুনানির বদলে ভাল যদি কোনও মামলাকারী এ বিষয়ে আবেদন করেন।’’ এর পরেই বিকাশবাবুকে ডিভিশন বেঞ্চ বলে, ‘‘মামলা দায়ের করুন।’’ এমনকি, বৃহস্পতিবারের মধ্যেই এ বিষয়ে হলফনামা দাখিল করার পরামর্শও দেয় ডিভিশন বেঞ্চ।

সেই হলফনামাই বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে জমা পড়ার কথা ছিল আদালতে। কিন্তু শেষ পর্যন্ত যথাসময়ে তা জমা পড়েনি। এর পরই প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ দুপুর ১টার মধ্যে হলফনামা দাখিল করতে নির্দেশ দেয়। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, বিষয়টি তারা বিবেচনা করে দেখবে।


You might also like!