
কলকাতা, ১৫ মার্চ : বুধবার সকাল থেকে মেঘলা আকাশ। হু হু করে হাওয়া দিচ্ছে। আজ থেকেই রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া জারি থাকবে৷ উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় আজ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা এবং শিলাবৃষ্টির আশঙ্কা থাকছে ।
নিম্নচাপের জেরে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত দুই বঙ্গেই বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা আছে । বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ।
হাওয়া অফিসের পূর্বাভাস, আজ কলকাতায় সারাদিনই রোদ মেঘের খেলা চলবে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া জারি থাকবে৷ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা এবং শিলাবৃষ্টির আশঙ্কা থাকছে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে ঝড়বৃষ্টি হবে।
বুধবার থেকে শুক্রবারের মধ্যে তুমুল বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বুধবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান জেলাতে। শনিবার থেকে এই দুর্যোগ আরও বাড়তে পারে। কলকাতা সহ দক্ষিণের সব জেলাতেই মুষলধারে বৃষ্টি হবে। উত্তরবঙ্গের ৫টি জেলায় কমলা সতর্কতা ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে।
মৌসম ভবনের পূর্বাভাস বলছে, রবিবার থেকেই দেশের পশ্চিম হিমালয় অঞ্চলে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা প্রভাব ফেলতে চলেছে। ঝাড়খন্ডে তৈরি হবে ঘূর্ণাবর্ত এবং তার জলীয় বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর থেকে। বঙ্গোপসাগরের জলীয় বাষ্পপূর্ণ বাতাস এবং পশ্চিমে শীতল বাতাসের সংঘাতে ঝড়বৃষ্টি হবে। তিন -চারদিন ধরে থাকবে এমন দুর্যোগপূর্ণ আবহাওয়া।
হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান এবং উত্তর ২৪ পরগনাতে।
শহরে আজ, সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। গতকাল, শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি।
