
কলকাতা, ১৩ মার্চ : বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চে গেলেন গ্ৰুপ সি কর্মীদের একাংশ।
সূত্রের খবর, বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে চলতি সপ্তাহেই মামলাটির শুনানি হতে পারে। সোমবার এই বিষয়ে উচ্চ আদালতের দৃষ্টি আকর্ষণ করেন চাকরিচ্যুতদের আইনজীবী পার্থদেব বর্মণ।
শুক্রবার গ্রুপ সি পদে ৭৮৫ জনের চাকরির সুপারিশপত্র বাতিল করতে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-কে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। একই সঙ্গে সুপারিশপত্র ছাড়াই নিয়োগপত্র পাওয়া ৫৭ জনের চাকরি বাতিল করার জন্য মধ্যশিক্ষা পর্ষদকে নির্দেশ দেন তিনি। বিচারপতির নির্দেশ মোট ৮৪২ জন গ্রুপ সি কর্মীর চাকরি যায়।
