kolkata

3 years ago

Bony Sengupta : "বনিকেই ব্যক্তিগতভাবে টাকার জবাব দিতে হবে", মন্তব্য শুভেন্দুর

Subvendu Adhikari - Bony Sengupta
Subvendu Adhikari - Bony Sengupta

 

কলকাতা, ৯ মার্চ : বনি সেনগুপ্তকেই ব্যক্তিগতভাবে তাঁর টাকা নেওয়ার জবাব দিতে হবে বলে বৃহস্পতিবার মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কোনও কোনও মহল থেকে বনির সংক্ষিপ্ত বিজেপি যোগের অভিযোগ তোলায় দায় ঝেড়ে এই মন্তব্য করেছেন শুভেন্দুবাবু।

বিরোধী দলনেতা সাংবাদিকদের বলেন, “ভোটের সময় বিজেপিতে এসেছিল বনি সেনগুপ্ত। কিন্তু গত দু-বছর বনির কোনও সম্পর্ক নেই।" টলিউড অভিনেতার বিজেপি যোগ নস্যাৎ করে দিয়েছেন বিরোধী দলনেতা। নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার কুন্তল ঘোষের সঙ্গে টাকার লেনদেনের অভিযোগ উঠতেই নিজের প্রতিক্রিয়া জানান শুভেন্দু। বিরোধী দলনেতা বলেন, "বনি যদি টাকা নিয়ে থাকেন তাহলে তাকেই ব্যক্তিগতভাবে তার জবাব দিতে হবে। বিজেপি এইসব 'অ্যালাউ' করে না। ভোটের সময় ওরকম অনেক তারকারাই দলে যোগ দেন। ২ মাস ছিলেন বিজেপিতে, এখন আর নেই।"

নিয়োগ দুর্নীতি কাণ্ডের জল গড়িয়েছে টলিউডের অভিনেতা পর্যন্ত। তলব করা হয়েছে অভিনেতা বনি সেনগুপ্তকে। বৃহস্পতিবারই ইডি দফতরে হাজিরা দেন 'ডাল বাটি চুরমা'র অভিনেতা।

বনির বাবা অনুপ সেনগুপ্ত সাংবাদিকদের জানান, কুন্তল ঘোষই তাঁর ছেলের কাছে এসেছিল। সেই সময়ে সে ৩-৪টি সিনেমা করার জন্য অফার দেয় বনিকে। সঙ্গে আগাম কিছু টাকাও দেয়। এমনকি, গাড়ির শখ ছিল বলে দেওয়া হয় একটি গাড়ি। সব মিলিয়ে বনিকে প্রায় ৩০ থেকে ৪০ লক্ষ টাকা দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন বনির বাবা।

অনুপবাবুর দাবি, এরপরে সময় পেরিয়ে গেলেও সেই সিনেমা আর হয়ে ওঠেনি। তখন, বনি জানতে চেয়েছিলেন ওই টাকা তিনি কী ভাবে ফেরত দেবেন। তখন, বিভিন্ন কালীপুজো, দুর্গাপুজোর অনুষ্ঠানে উদ্বোধন করে, একাধিক জায়গায় গিয়ে ওই টাকা পুষিয়ে দিতে বলেন কুন্তল। সেটাই করেন বনি।

সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি মামলায় হুগলির বলাগড়ের তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কেও তলব করতে চলেছে ইডি। চলতি সপ্তাহেই তাঁকে তলব করা হবে। এর আগেও নিয়োগ দুর্নীতি কাণ্ডে একাধিকবার তলব করা হয়েছিল শান্তনুকে।

You might also like!