kolkata

3 years ago

Dilip Ghosh: 'বিধানসভায় বিল পাশ করিয়ে জয় শ্রীরাম স্লোগান নিষিদ্ধ করুন', মমতাকে তোপ দিলীপের

Dilip Ghosh
Dilip Ghosh

 

কলকাতা, ৩১ ডিসেম্বর : 'জয় শ্রী রাম স্লোগানে আপত্তি থাকলে বিধানসভায় বিল আনুন, বিধানসভায় বিল পাস করিয়ে জয় শ্রী রাম স্লোগান বন্ধ করুন', পরামর্শ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের।


হাওড়া স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে 'জয় শ্রীরাম' স্লোগান দেওয়া হয়। এই ঘটনার পর অনুষ্ঠান মঞ্চে ওঠেননি মুখ্যমন্ত্রী। তাঁর চোখে-মুখে বিরক্তি স্পষ্ট দেখা যাচ্ছিল। শনিবার এই বিষয়ে মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষ। প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়ের আচরণের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, 'নাম, বদনামের ধার ধারেন না মুখ্যমন্ত্রী। টাকার থলি নিয়ে রাজ্যে রাজ্যে ঘোরেন। গোয়া থেকে অসম, মিজোরাম, মণিপুর। কিন্তু কিছু করতে পারেন না। এতই জনপ্রিয় লিডার যে একটা পঞ্চায়েতও জিততে পারেননি। কারণ, এসব দেখে লোকে হাসছে। লোকে ভাবছে এই হচ্ছে বাংলার পলিটিক্যাল কালচার। ওনার এই আচরণ দায়ী।'দিলীপের কথায়, 'আমাদের দেশে 'বন্দে মাতরম' বলতে আইনি বাধা নেই, 'জয় শ্রীরাম' বলতেও বাধা নেই। উনি ক্ষেপে যাচ্ছেন কেন? আমাদের পিছনে তো নিত্য জয় বাংলা বলছেন। আমরা কি খেপে যাই? রাজনীতি ছেড়ে দিয়েছি নাকি? যদি আপনার 'জয় শ্রীরাম' শুনতে আপত্তি থাকে তাহলে বিধানসভায় বিল নিয়ে আসুন। রোজ তো কিছু না কিছু বিল আনেন। বিল এনে পাশ করিয়ে রাজ্যে 'জয় শ্রীরাম' বলা বন্ধ করে দিন। ইংরেজরা সার্কুলার জারি করে দেশে 'বন্দে মাতরম' বলা বন্ধ করেছিল। তৃণমূল 'জয় শ্রীরাম' ব্যান করে দিক। মানুষ বুঝে যাবে এরা কারা?'


গতকাল রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মুখ্যমন্ত্রীকে বারেবারে মঞ্চে ওঠার জন্য অনুরোধ করেন। তবে মুখ্যমন্ত্রী গোটা অনুষ্ঠানটি নীচে বসেই কাটান। মঞ্চে না ওঠার বিষয়ে তিনি অনড় ছিলেন। এই বিষয়ে দিলীপ বলেন, 'ওনার রাজনীতিটাই নেগেটিভ পলিটিকস। সব জায়গায় নাটক করা। রাস্তাঘাটে কেউ স্লোগান দিলে এত ঘাবড়াবার কি আছে? আপনি তো 'জয় শ্রীরাম' বলায় কিছু লোককে জেলে ঢুকিয়েছিলেন। সারা বাংলার লোক খেপে আছে। সব জায়গায় 'জয় শ্রীরাম' বলবে। 'জয় শ্রীরাম' যদি খারাপ মনে করেন তাহলে তো রাজনীতি করবে পারবেন না। বাড়ি থেকে বেরোতে পারবেন না। এ জিনিস গণতন্ত্রে চলতে পারে না। আপনারা তো সরকারি অনুষ্ঠানে আমাদের এমপি, এমএলএ-দের ডাকেন না। আমরা তো তাও ডেকেছি। সম্মান দেওয়ার চেষ্টা করেছি। এই প্রকল্পে মুখ্যমন্ত্রীর কোনও অবদান নেই। উনি রাতে স্বপ্ন দেখেছেন চারটে রেল লাইন করবেন, মেট্রো করবেন। সেই স্বপ্ন সফল করেছেন মোদীজি। উনি এক পয়সা খরচা করতে পারেননি। সেখানে গেস্ট হয়ে তাঁরা আপনার রাজ্যে এসেছেন। আপনি এমন অভিনয় করছেন, যেন মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। এটা মুখ্যমন্ত্রীর শোভা পায় না।'

You might also like!