
কলকাতা, ১১ মার্চ : এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হাতে গ্রেফতার হওয়া তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কি প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের সম্পর্ক খতিয়ে দেখতে শুরু করলেন তদন্তকারীরা। অভিযুক্ত এই দু’জনের বাড়ি থেকে উদ্ধার হওয়া চাকরিপ্রার্থীদের তালিকা একই কি না, তা মিলিয়ে দেখছেন তদন্তকারীরা। শনিবার এমনই তথ্য পাওয়া গেল ইডি সূত্রে।
শুক্রবার রাতে হুগলির তৃণমূল যুবনেতা শান্তনুকে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করেছে ইডি। বিকেলের পর থেকেই তাঁকে গ্রেফতার করার প্রক্রিয়া শুরু হয়েছিল। শুক্রবার সকালে ইডির তলবে সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছিলেন শাসকদলের যুবনেতা তথা হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শান্তনু। টানা কয়েক ঘন্টা জেরার পর তাঁকে গ্রেফতার করা হয়। চলতি বছরের জানুয়ারি মাসেই অবশ্য শান্তনুর বলাগড়ের বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারীরা।
ইডি সূত্রের দাবি, তাঁর বাড়ি থেকেই উদ্ধার হয়েছিল ৩০০ চাকরিপ্রার্থীর তালিকা। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, শুক্রবার ওই বিষয়ে গোয়েন্দাদের প্রশ্নের মুখে পড়েন শান্তনু। তাতে শান্তনুর বয়ানে একাধিক ‘অসঙ্গতি’ মেলে। তার পরেই তাঁকে গ্রেফতার করা হয়েছে।
