
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আজ রাত পোহালেই নতুন বছরের সূচনা। এই বছর বড়দিনে বিগত কয়েক বছরের সমস্ত রেকর্ড ভেঙ্গে রাস্তায় নেমেছিল মানুষ। সেই কথা মাথায় রেখে ভিড় সামলাতে ও অপ্রীতিকর ঘটনা রুখতে বর্ষবরণের রাতেও শহরের নিরাপত্তায় মোতায়েন থাকবে আড়াই হাজার পুলিশ। আর বছরের প্রথমদিন ১ জানুয়ারিতে থাকবে ২৩০০ পুলিশ। যানজট রুখতে পার্ক স্ট্রিটকে ‘নো পার্কিং জোন’ করা হয়েছে। গাড়ি চলবে ‘ওয়ান ওয়ে’ দিকে। পার্ক স্ট্রিটে বাইক কিংবা গাড়ি নিয়ে এলে রাসেল স্ট্রিট ও ক্যামাক স্ট্রিটে গিয়ে পার্কিং করতে হবে।
বর্ষবরণের রাতে মোট ৬টি সেক্টরে ভাগ করা হয়েছে পার্ক স্ট্রিটকে। আজ নজরদারিতে থাকবেন ১১ জন ডিসি। রবিবার ১ জানুয়ারি ৪টি সেক্টর করা হয়েছে। নববর্ষের দিন থাকছেন সাতজন ডিসি। ১১টি ওয়াচ টাওয়ার থেকে নজরদারি চালানো হবে। থাকছে ড্রোনের ব্যবস্থাও। বর্ষবরণের রাতে পানশালা, হোটেল, রেস্তোরাঁগুলিতে ভিড় থাকে। হোটেল ও রেস্তোরাঁ, পানশালাতেও নজর থাকছে পুলিশের। অপ্রীতিকর ঘটনা এড়াতে মালিকদের বাড়তি নিরাপত্তা রক্ষীর ব্যবস্থা করতে বলেছে পুলিশ। বড়দিনে শহরে বাইক দৌরাত্ম্য চলেছিল। ট্রাফিক আইন লঙ্ঘন, মদ্যপান করে গাড়ি চালানো ও অভব্য আচরণের অভিযোগে বড়দিনের রাত ও দিন মিলিয়ে ৫২১ জনকে গ্রেফতার করা হয়েছিল।
