
কলকাতা, ৩ মার্চ : অ্যাডিনোভাইরাস নিয়ে আলোচনার মাঝে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে বিসি রায় শিশু হাসপাতালে দু’টি শিশুকন্যার মৃত্যু হয়েছে। যদিও ফুলবাগানের ওই হাসপাতালে শ্বাসকষ্টজনিত সমস্যায় মারা যাওয়া শিশু অ্যাডিনো সংক্রমিত ছিল কি না, তা নিশ্চিত করতে পারেননি চিকিৎসকেরা।হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবার রাত পৌনে ১টা নাগাদ পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিট (পিকু)-এ চিকিৎসাধীন ১১ মাসের এক শিশুকন্যার মৃত্যু হয়। নারকেলডাঙার বাসিন্দা ওই শিশুটিকে গত ২৬ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সে নিউমোনিয়ায় আক্রান্ত থাকায় শ্বাসকষ্টের সমস্যা ছিল।
শিশুটির মৃত্যুর শংসাপত্রে নিউমোনিয়া লেখা হলেও চিকিৎসকেরা জানিয়েছেন, সে অ্যাডিনোয় আক্রান্ত ছিল বলে পরীক্ষায় ধরা পড়েছিল। অন্য দিকে, ৯ মাসের আর একটি শিশুকন্যারও পিকু-তে চিকিৎসা চলছিল। উত্তর ২৪ পরগনার বারাসতের বাসিন্দা ওই শিশুটি মারা যায় শুক্রবার সকালে। তারও শ্বাসকষ্টের সমস্যা ছিল।
