
ফ্লোরিডা, ২ মার্চ : এমএলএসের নতুন মরসুমের প্রথম ম্যাচেই হার দিয়ে শুরু করেছিল মেসির মায়ামি। তবে সোমবার দ্বিতীয় ম্যাচে দারুণ জয় পেল তারা। মায়ামির এই জয়ে বড় ভূমিকা রাখলেন লিওনেল মেসি।
অরল্যান্ডো সিটির বিপক্ষে সোমবার ৪-২ গোলের জয় পেলেও ইন্টার মায়ামি প্রথম হাফে ২ গোলে পিছিয়ে ছিল। দ্বিতীয় হাফে চারটি গোল করে মায়ামি। এই চার গোলের মধ্যে মেসির রয়েছে দুটি গোল। ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছেন মেসি।
ম্যাচের তৃতীয় গোলটা বক্সের বাইরে থেকে ফ্রি–কিকে করার পর এটি ছিল মেসির ৭০তম গোল। এমএলএসের নিয়মিত মরসুমে প্রথম ৫৫ ম্যাচে মেসির গোলসংখ্যা এখন ৫২। এর মধ্যে শেষ ৪৯ ম্যাচেই মেসি করেছেন ৫১ গোল। সব মিলিয়ে তাঁর কেরিয়ার গোল এখন ৮৯৮। আর ২ গোল করলেই ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করবেন এই আর্জেনটাইন মহাতারকা।
